Friday, 31 October 2014

কখনো ঝরতে দেখেছো সাজানো স্বপ্ন 
একলা রাত্রির আঙিনায় ?
তারাখসা র মত নিমেষে হারাতে দেখেছ 
শর্তহীন আবেগ ?
ভালোবেসেছ কখনো এমনি করে 
চোখের কোনে তপ্ত জল আর উথালপাথাল অনুভবে ?
দিশাহীন সীমান্তের নরম মনে হাত রেখে দেখেছ কখনো 
চাওয়া পাওয়ার গন্ডির বাইরে, ভালোলাগার অনুশাসনে। 
সরল বিশ্বাস এ প্রাণ নিয়ে ছুটে বেড়িয়েছ 
কালো পাঁজর এর গোলাপী চূড়ায় ?
ভাবছো কেমন খেয়ালী প্রশ্ন !
তাহলে আবার ভালবাসবে কি ভাবে ?
স্বপ্ন দেখাটাও কি নিতান্তই ছেলেমানুষি 
হয়তোবা তাই 
শোন তবে, এবুকের গভীরে অযুত স্বপ্ন 
মৃতপ্রায় ,মলিন , ভীষণ একাকীত্বে ভুগছে তারা 
আমি তো অপেক্ষায় ছিলাম, কখন আসবে 
বানভাসি জোয়ার , ভাসিয়ে নিয়ে যাবে 
গভীর আশ্লেষে চরম প্রাপ্তির চূড়ায়। 

                                                                               ...........স্বপ্ন সোম




Thursday, 30 October 2014






শিহরিত রাত্রির বিনিদ্র জোছনায় 

একা ঘুরপথে , তোমার খেয়ালী প্রেম 
অভিমানের ডিঙ্গায় বানভাসি 
অথচ দেখো তুমি আসবে বলেই 
আদরের ঘরে খুশির জোয়ার 
রাতজাগা জোনাকি ও  স্বপ্নহারা 
দূরত্বের মনখারাপ চুপিসারে তোমার আচলে 
ব্যথাগুলো ব্যথা নিয়ে  মেঘ হয়ে তোমার চোখে
বৃষ্টি হয়ে ঝরলে আমাদের  ভালবাসার নদীতে  
আমি ভাসাবো স্বপ্ন ডিঙ্গা , দুরন্ত উচ্ছাসে 
একবার ডেকে দেখো আমায় 
ভালবাসার অনটনে আজন্ম কাঙাল 
গভীর মৌনতায় খুজে পাবো তোমার গোপন ভালোবাসা। 
                                                                                   ...........স্বপ্ন সোম

Friday, 26 September 2014

অনেকদিন পর পাওয়া এরকম শরতের সকাল 
আসছে মিঠে রোদ , আসতে দাও 
চুইয়ে পরুক তোমার আচলে 
মনখারাপ এর অবুঝ বিকেলে 
নির্জন হউক অন্ধকার , আরো একটু 
ছুয়ে যাবো এলোমেলো আঙ্গুল 
চোখের স্তবধতায় খুঁজে নেওয়া না বলা কথা 
এলো চুল পড়তে দাও তোমার খেয়ালী ঠোটে 
বহুদিন পর যেন এসেছে এরকম সন্ধে 
অবুঝ আদরের অভিমানে 
আসতে দাও, গাছের শিকড়  বেয়ে পৌছে যাবো 
অতল গভীরে , আরো গভীরে 
খুঁজে নিতে দাও শিশিরভেজা ফুল, সুবাস ছড়ানো সকাল 
ভালোবাসার কলরবে নিজেকে মেলে ধরো তুমি 
চলে এসো , চলে এসো , পেতে দেবো বুক 
স্বপ্ন সাজাবো আর শিউলি ফোটাবো।


                                                                               ...........স্বপ্ন সোম   

Wednesday, 17 September 2014

ব্যবধান 


এক গুচ্ছ  অচেনা মুখ , তার মাঝেই খুজতে থাকি 
সেই চেনা মুখটাকে 
জীবনটা আজ হাওড়া স্টেশন 
ব্যস্ততা, কোলাহল --তবুও 
হৃদয়টা বড় একলা , অভিমানী 
আজ তোকে খুউব কাছে পেতে ইচ্ছে করে 
ব্যবধান বাড়লে নাকি ভালোবাসা বাড়ে 
আমায় বলেছিলি 
তুই কি জানিস ? সত্তিই তাই !
গভীর রাতে দুঃস্বপ্নের ছায়ায় 
আতকে ওঠে বোবা অনুভূতি 
খোঁজে শুধু তোর্ একটু ছোয়া 
ভালোবাসা কি শরীর খোঁজে না খোঁজে 
মনের ভাষা 
তুই কি জানিস ?

আ ন ম না ক বি

Monday, 1 September 2014

" তোমাকে চাই "
____সুমন চট্টোপাধ্যায় 

প্রথমত:, আমি তোমাকে চাই
দ্বিতীয়ত:, আমি তোমাকে চাই
তৃতীয়ত:, আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই

নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই

বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই

কবেকার কলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই
বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এ জীবন ভালোবেসে তোমাকে চাই

চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে
স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে
অচেনা ড্রয়িংরুমে চেনা অন্দরে
বালিশ তোশক কাঁথা পুরোনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোশে
হাসি রাগ অভিমানে ঝগড়া আপোসে
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই
এক কাপ চায়ে আমি তোমাকে চাই
ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না-বলা কথায় আমি তোমাকে চাই

শীর্ষেন্দুর কোন নতুন নভেলে
হঠাত্ পড়তে বসা আবোলতাবোলে
অবোধ্য কবিতায় ঠুংরি খেয়ালে
স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে

সলিল চৌধুরীর ফেলে আসা গানে
চৌরাশিয়ার বাঁশি মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে
কোন্ কবেকার অনুরোধের আসরে
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই
অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবীদাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জাদ্বিধায় আমি তোমাকে চাই
অধিকার বুঝে নেওয়া প্রখর দাবীতে
সারারাত জেগে আঁকা লড়াকু ছবিতে
ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়
শ্রেণীহীন সমাজের চির বাসনায়
দিনবদলের খিদে ভরা চেতনায়
দ্বিধাদ্বন্দের দিন ঘোচার স্বপ্নে
সাম্যবাদের গান ঘুমে জাগরণে
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
ভীষণ অসম্ভবে তোমাকে চাই
শান্তি অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই ।

Sunday, 31 August 2014

প্রথম অদ্বিতিয়া, চলে এসো
কঠিন এই অসময়ে
নোনা হাওয়ায় ভাসিয়ে দাও তপ্ত জল
রুমালের আড়ালে সব পেয়েছির ব্যথা
অশরীরি মায়ায় ফিরে পাওয়া শারীরিক সম্ভোগ
মাঝরাত কাটে বিনিদ্র
অপরিচিতা, তোমার আগুন ছোয়ায়
এলোমেলো হৃদ স্পন্দন
নরম ঠোটের ইশারায় খুঁজে নেওয়া অন্য জীবন
ডুবে যাওয়া শেষ ট্রেন এর হুইসেলে
রাত্রি নামে এলো চুলে
ফুল ফোটার আগেই সুগন্ধি সন্ধ্যার মরশুমে
অচেনা তুমি
অপরিচিতা চলে এসো একমুঠো রাত্রি নিয়ে
এলো চুল , হিমেল হাওয়ায়
যেখানে ঠোটের মন আলগা ভাষা।

আ ন ম না ক বি

Friday, 29 August 2014

একবার তুমি 
শক্তি চট্টোপাধ্যায়

একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর –
দেখবে, নদীর ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর |

বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল - ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে
যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা-চুমকি-জরি-মাখা প্রতিমা
বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি |

বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই - পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল -
অনেক সময় তো ঘর গড়তেও মন চায় |

মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমাদের সবই দরকার | আমরা ঘরবাড়ি গড়বো - সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো |

রূপোলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে
একবার তুমি ভালবাসতে চেষ্টা করো |
 

Copyright 2010 Bangla Kobita.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.